আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশ থেকে তিন লাখ এবং মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের চেন্নাহ শহরে এক জনসভায় তিনি এ তথ্য জানান।
আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার জনগণের দাবি ছিল রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর। কিন্তু মিয়ানমার এতদিন তাদের গ্রহণে সম্মত ছিল না। সম্প্রতি আলোচনার মাধ্যমে বাংলাদেশ থেকে তিন লাখ এবং মালয়েশিয়া থেকে পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার সম্মতি দিয়েছে।
তিনি বলেন, ‘এটি সম্ভব হয়েছে ধারাবাহিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে। তাই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গঠনমূলক ও সতর্ক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাস্তুচ্যুত হয়ে তারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস শুরু করে।
বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। তাদের জন্য বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা দিয়ে আসছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়াতেও প্রায় এক লাখ ২৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন।
জনসভায় মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, শরণার্থী শিবির ও অনুমোদিত এলাকার বাইরে অনিয়ন্ত্রিতভাবে অবস্থান করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে দেশটির পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: দ্য স্টার
আলোকিত প্রতিদিন / এম আর এম

