নিজস্ব প্রতিবেদক :
ডিজিটাল ভূমিসেবা নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের জন্য ১০ দফা নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন অটোমেটেড ভূমিসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ের অফিসগুলোতে ব্যবহৃত কম্পিউটার, নেটওয়ার্ক ও অন্যান্য তথ্যপ্রযুক্তি (আইসিটি) সরঞ্জামের নিরাপত্তা ও কর্মক্ষমতা নিশ্চিত করা জরুরি।
মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো হলো—
১. সব কম্পিউটারে লাইসেন্সপ্রাপ্ত ও সর্বশেষ সংস্করণের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল এবং নিয়মিত হালনাগাদ নিশ্চিত করতে হবে।
২. সরকারি ওয়েবভিত্তিক সিস্টেম ব্যবহারে সর্বশেষ সংস্করণের নিরাপদ ব্রাউজার ব্যবহার করতে হবে। পুরোনো বা অনিরাপদ ব্রাউজার ব্যবহার করা যাবে না।
৩. কম্পিউটারের র্যাম, স্টোরেজ ও প্রসেসরের সক্ষমতা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী আপগ্রেড করতে হবে।
৪. রাউটার, সুইচ ও ওয়াই-ফাই ডিভাইসের সক্ষমতা বৃদ্ধি, ফার্মওয়্যার নিয়মিত হালনাগাদ, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড পরিবর্তন নিশ্চিত করতে হবে।
৫. সাইবার নিরাপত্তার জন্য অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার নিয়মিত আপডেট, অপ্রয়োজনীয় সফটওয়্যার অপসারণ, সন্দেহজনক ই-মেইল, লিংক ও ফাইল ব্যবহারে সতর্কতা, অনুমোদনহীন সফটওয়্যার ইনস্টল না করা এবং প্রয়োজন অনুযায়ী মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার নিশ্চিত করতে হবে।
৬. গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণ এবং ব্যাকআপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৭. কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, রাউটারসহ সব আইসিটি ডিভাইসের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।
৮. ইউএসবি বা অন্যান্য বহনযোগ্য স্টোরেজ ডিভাইস ব্যবহারের আগে ভাইরাস স্ক্যান করতে হবে এবং অজানা উৎসের ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
৯. কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।
১০. অফিসে ব্যবহৃত সব ডিজিটাল ভূমিসেবা সিস্টেম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোনো প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
নির্দেশনায় দেশের সব উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

