আজ , ।   

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর তিন দিনের সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস তার সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এক ফেসবুক বার্তায় বলেন, “আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকায় অবস্থানকালে সার্জিও গর প্রধান উপদেষ্টা তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শুক্রবার তার কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফরের অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ও সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ ধারণা লাভ করা।

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল এবং বর্তমান সরকারের আমলে তা আরও শক্তিশালী হচ্ছে।

সূত্রগুলোর আশা, এ সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি সঞ্চার হবে।

চলতি বছরের জানুয়ারিতে সার্জিও গর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে বাংলাদেশ, ভারত, নেপালসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশ সফরের আগে তিনি নেপাল ও শ্রীলঙ্কা সফর করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -