বিশেষ প্রতিনিধি:
দেশের শিল্প খাতে চলমান গ্যাস সংকটসহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এ বিষয়ে আলোচনা হয়।
আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী সভায় যোগ দিয়ে কমিটির সদস্য ও শিল্প খাতের প্রতিনিধিদের বক্তব্য শোনেন। পরে তিনি গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরবর্তী সভা আয়োজনের নির্দেশ দেন।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২২ জুলাই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকাত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে টেক্সটাইল শিল্পের বিভিন্ন সংকট তুলে ধরে। ওই বৈঠকেই সমস্যা সমাধানের সুপারিশ প্রণয়নের জন্য একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো কমিটির প্রথম সভা।
সভার শুরুতে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যাগুলো সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং সেগুলোর সমাধারে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। সে কারণেই দ্রুত করণীয় নির্ধারণে উচ্চপর্যায়ের এই আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।
সভায় বিটিএমএর সভাপতি শওকাত আজিজ রাসেল টেক্সটাইল খাতের প্রধান সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। পরে কমিটির সদস্য ও বিটিএমএ প্রতিনিধিদের মধ্যে সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিটিএমএর প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক সহ-সভাপতি হোসেন মেহমুদ, সাবেক পরিচালক মো. মোশারফ হোসেন এবং সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দারসহ অন্যরা।
আলোকিত প্র্রতিদিন / এম আর এম

