আলোকিত প্রতিবেদক:
নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে, কয়েকজন আবেদনকারীর ক্ষেত্রে হাইকোর্ট রায় দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করতে পারবে না।
একই সঙ্গে আদালত রুল জারি করে জানতে চান, আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর উদ্যোগ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না। পাশাপাশি, নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয়।
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।
আলোকিত প্র্রতিদিন / এম আর এম

