মামুন আহমেদ জয়, ঢাকা জেলা প্রতিনিধি। ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার কাওয়ালিপাড়া এলাকায় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না থাকায় দি নিউ ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, একতা জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে হবে। অন্যথায় পরবর্তী অভিযানে আইন অনুযায়ী প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।
তিনি বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

