আলোকিত ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন। অন্তর্বর্তী সরকারের পুরো সময় সাংবিধানিকভাবেই তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার পূর্ণ সহযোগিতা পেয়েছেন।
আজ রবিবার সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের কথিত টেলিফোন আলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আমলে নেওয়ার মতো কোনো বিষয় নয়। তাছাড়া এ ধরনের কথাবার্তা বলার জন্য রাষ্ট্রপতির বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে না।
মতিঝিল এলাকায় বোমা উদ্ধারের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উল্টো রথযাত্রার দিন বোমাটি পাওয়া গেলেও সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে নাশকতা চালানোর কোনো উদ্দেশ্যে এটি রাখা হয়েছিল–এমন কোনো সম্পর্ক পাওয়া যায়নি। রথযাত্রা উদ্যাপনে আইন প্রয়োগকারী সব সংস্থা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বোমা পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে এখনও।
এ বছর পুলিশ সপ্তাহে ‘পুলিশ পদক’ না দেয়া প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, তড়িঘড়ি করে তালিকা করায় এতে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। তাই পদক প্রদান স্থগিত করা হয়েছিল। বর্তমানে ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে শিগগিরই এই পদক দেয়ার ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী জানান।
আলোকিত প্রতিদিন/এপি

