আজ , ।   

১১ দলীয় জামায়াত-জোট ছাড়লো খেলাফত মজলিস

আরো খবর

আলোকিত ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। দলটির দাবি, জাতীয় নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এই জোটের কার্যকারিতা আর নেই। তাই জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা।

২৫ জুলাই শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে গঠিত ১১ দলীয় ঐক্যের উদ্দেশ্য ছিল নির্বাচনি সমঝোতা। নির্বাচন শেষ হওয়ায় সেই জোটের কার্যকারিতাও শেষ হয়েছে। ফলে এখন থেকে জোটের কোনও কর্মসূচিতে অংশ নেবে না খেলাফত মজলিস। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ভবিষ্যতে বৃহত্তর কোনও ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে।

দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনের জন্য ১১ দলের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তা এখন আর কার্যকর নেই। খেলাফত মজলিস ভবিষ্যতে স্বতন্ত্রভাবে কাজ করবে।

খেলাফত মজলিস জানায়, জোট থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নতুন নয়। গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পরই তারা জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনও কর্মসূচির ব্যানার বা প্রচারণায় তাদের দল বা নেতাদের নাম ব্যবহার না করতে। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির পর তা প্রত্যাহার করা হয়।

এদিকে, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে দলের সাংগঠনিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন /২৫ জুলাই ২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -