নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে কউক ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ২০২৬ সালের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৩৩৩ জন ভোটারের মধ্যে ২২৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন অনলাইন এবং অফলাইনে । ভোট গণনার সময় ১৪টি ভোট বাতিল হয়। ২১টি পদে হ্যাঁ এবং না ভোটে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। এছাড়া ভবন প্রতিনিধি হিসেবে আরও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ। নির্বাচন কমিশনের সদস্য ছিলেন, উপপরিচালক (এস্টেট ও ভূমি) মাহমুদুল হাসান এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইন কর্মকর্তা এইচ. এম. নুরুল বশর।
নির্বাচনে ডা. শাহা আলম–সাংবাদিক রাশেদ–ডা. হারুন পরিষদ বিজয়ী হয়। এ প্যানেল থেকে ২০২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ডা. মোহাম্মদ শাহা আলম এবং ২০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাংবাদিক আমিরুল ইসলাম মো. রাশেদ।
এছাড়া একই প্যানেল থেকে ডা. এ. কে. এম. হারুন-অর-রশীদ ২০২ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হন। নিরীক্ষা সদস্য পদে শাহাদাতুল ইসলাম ১৯৩ ভোট এবং ডা. নুর মুহাম্মদ ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্যান্য নির্বাচিতরা হলেন:- ভবন-১ প্রতিনিধি: মোহাম্মদ নাছির উদ্দিন, প্রদীপ চন্দ্র শীল, মোহাম্মদ মোকাররম হোসেন ও সেলিনা বেগম। ভবন-২ প্রতিনিধি: ডা. মো. শামছুজ্জামান, ডা. মো. আয়ুব আলী, ব্যাংকার রেজাউল করিম রেজা ও মোহাম্মদ মিজান উদ্দিন চৌধুরী। ভবন-৩ প্রতিনিধি: মোহাম্মদ শাহেদুল ইসলাম, অ্যাডভোকেট প্রতীভা দাশ, ডা. সৈয়দ মোহাম্মদ সরওয়ার ও কুমকুম চৌধুরী। ভবন-৪ প্রতিনিধি: ডা. মো. নজরুল ইসলাম, মোহাম্মদ রাসেল চৌধুরী, তারিকুল ইসলাম চৌধুরী ও খালেদ সাইফুল্লাহ। নির্বাচিত এই কমিটি আগামী তিন বছরের জন্য দ্বায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি ডা. মোহাম্মদ শাহা আলম বলেন, “কউকের ফ্ল্যাট মালিকদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করে যাব। সকল ফ্ল্যাট মালিকের সম্মিলিত সহযোগিতায় একটি সুশৃঙ্খল, আধুনিক ও বাসযোগ্য আবাসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মো. রাশেদ বলেন, “ভবনের রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন সমস্যা সমাধানে এই কমিটি সর্বদা সচেষ্ট থাকবে। আমাকে নির্বাচিত করায় সকল ভোটারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করেন।
উল্লেখ্য, কউক ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের নির্বাচিত কমিটি ফ্ল্যাট মালিকদের স্বার্থ রক্ষায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছে। তাদের উদ্যোগে ফ্ল্যাটগুলোর মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

