বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনে (ইসি) তাদের বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষিত (অডিট) প্রতিবেদন জমা দিয়েছে। দলটির হিসাব অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। ফলে বর্তমানে দলটির তহবিলে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা।
রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার পর বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন জমা দেয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন।
প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে বিএনপির নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন (অডিট রিপোর্ট) হস্তান্তর করে।
সাধারণত রাজনৈতিক দলগুলো সদস্যদের নিয়মিত চাঁদা, ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান এবং দলীয় মনোনয়ন ফরম বিক্রির অর্থকে আয়ের উৎস হিসেবে উল্লেখ করে। অন্যদিকে, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচারপত্র ও পোস্টার প্রকাশ, কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়ের রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং দুঃস্থ নেতা-কর্মীদের সহায়তাসহ বিভিন্ন খাতে ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে হয়। কোনো দল টানা তিন বছর এ প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিলের আইনি বিধান রয়েছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

