প্রতিনিধি,মানিকগঞ্জ:
বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শনিবার সকালে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মাওলানা মামুনুর রশীদ খান ইউসুফী এবং যুগ্ম সচিব ও স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মাওলানা মো. জাকির হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি কাজী নুর মোহাম্মদ জাহাঙ্গীর, শিবালয় উপজেলা শাখার সভাপতি কাজী মো. আবু দাউদ, মাওলানা দেলাওয়ার হোসেন, আল আমিন এবং কাজী আব্দুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মো. ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম। বক্তারা বলেন, নিকাহ্ নিবন্ধন কার্যক্রমকে সময়োপযোগী, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনগত সচেতনতা এবং জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানে কাজীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। বক্তারা সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা মো. আবু দাউদ। সম্মেলনের শেষে সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করা হয়।

