ক্রীড়া ডেস্ক:
রবিবারের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। হাই-ভোল্টেজ এই মহারণের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রণপরিকল্পনা ও ম্যাচ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ এই মাস্টারমাইন্ড স্পষ্ট করে দিয়েছেন, ফাইনালে রেফারি যেন কোনোভাবেই নিয়মের বাইরে গিয়ে কারও প্রতি নমনীয় আচরণ না করেন। একই সঙ্গে নিজেদের চেনা ফুটবল দর্শন ধরে রাখার ওপরও জোর দিয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে ফাইনাল পরিচালনার দায়িত্বে থাকা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে নিয়ে কথা বলেছেন। উল্লেখ্য, এই ভিনচিচই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন, যেখানে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা।
ফাইনালের রেফারিং নিয়ে সতর্কবার্তা দিয়ে স্পেনের কোচ বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা রয়েছে, তা কোনো অবস্থাতেই অতিক্রম করা যাবে না।’তবে একই সঙ্গে আমাদের এটাও পরিষ্কার জানা আছে যে এই ধরনের ম্যাচগুলোতে আমাদের ঠিক কীভাবে মাঠে নামতে হবে।’
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দে লা ফুয়েন্তের সম্পর্কটা বেশ পুরোনো। স্কালোনি যখন কোচিং কোর্স করেছিলেন, তখন দে লা ফুয়েন্তে ছিলেন তার ইনস্ট্রাক্টর বা শিক্ষক। সেই ‘ছাত্রের’ দলের বিপক্ষে নামার আগে স্প্যানিশ কোচ নিজেদের ফুটবলীয় ঐতিহ্য ধরে রাখার তাগিদ দিয়েছেন, ‘ওরা ওদের মতো ফুটবল খেলবে, কিন্তু আমাদের পুরো মনোযোগ থাকতে হবে শুধুমাত্র আমাদের নিজেদের খেলার ওপর। আমাদের নিজস্ব শৈলীকে আরও শক্তিশালী এবং উন্নত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের দর্শন ও মডেল থেকে বিচ্যুত হই, তবে আমাদের ভুগতে হবে।’
ম্যাচ-পূর্ববর্তী মূল সংবাদ সম্মেলনে ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর গৌরব নিয়ে কথা বলেন স্প্যানিশ বস। কিছুটা ভিন্ন সুরে তিনি বলেন, ‘আমি প্রতি বছর বিশ্বকাপের ফাইনালে উঠে হেরে যাওয়ার চুক্তিতেও সই করতে রাজি আছি। আসল বিষয় হলো ফাইনালে পৌঁছানো এবং তা জেতার মতো অবস্থানে থাকা।’
প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, ‘ফাইনালে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জয়ের জন্য লড়াই করাটা তো অবশ্যই চূড়ান্ত। আমরা আমাদের পুরো শক্তি দিয়ে লড়ব এবং প্রতিপক্ষের শক্তিকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করব। আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে থাকা এক অসাধারণ দল। তবে আমরা এই মুহূর্তটি উপভোগ করতে চাই।’
রবিবারের ফাইনালটি একটি ‘অসাধারণ প্রদর্শনী’ হতে যাচ্ছে উল্লেখ করে দে লা ফুয়েন্তে বলেন, ‘দুটি দুর্দান্ত দলের খেলা। প্রতিভার দিক থেকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে অনেক মিল রয়েছে। শুরু থেকেই দুই দলই তাদের নান্দনিক ও দক্ষ ফুটবল দিয়ে আধিপত্য বিস্তার করতে চাইবে। আমরা আশা করি, রেফারিও প্রতিটি ছোটখাটো বিষয়ের দিকে কড়া নজর রাখবেন, যাতে এই প্রদর্শনীটি একটি বিশ্বকাপ ফাইনালের মতোই মর্যাদাপূর্ণ হয়।’
কিছু কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আর্জেন্টাইন দলের খেলার ধরণকে কিছুটা ‘আগ্রাসী’ বা ‘অখেলোয়াড়সুলভ’ বলে যে সমালোচনা করা হচ্ছে, তা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘আমি সবার মতামতকে শ্রদ্ধা করি। যে দলটি টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, বিশ্বকাপের ফাইনালিস্ট এবং আমার এক বন্ধুর (স্কালোনি) মাধ্যমে পরিচালিত হচ্ছে, তাদের প্রতি আমার অসাধারণ শ্রদ্ধা ও মুগ্ধতা রয়েছে।’
আলোকিত প্রতিদিন / ১৮জুলাই ২০২৬/মওম

