মাজেদুর রহমানঃ
জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। ১৫ জুলাই বুধবার দুপুরে বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান গোরস্থানে সমাহিত শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচিটিতে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কবর জিয়ারত শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রাতুল, সিয়াম শুভ ও শিমুলসহ বগুড়ার শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তাঁরা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, যে লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, সেই আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি বগুড়া জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, যুগ্ম সদস্য সচিব আব্দুস সবুর সুমন, জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহবায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন, সদস্য সচিব সৈকত আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নিতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত ১৪ জুলাই বগুড়ায় পৌঁছান।
আলোকিত প্রতিদিন/১৫জুলাই ২০২৬/মওম

