আজ , ।   

 স্বপ্নভ*ঙ্গের পরও বিশ্বকাপ শেষ হয়ে যায়নি ফ্রান্সের

আরো খবর

ক্রীড়া ডেস্ক:

ফরাসিদের সোনালী স্বপ্ন ভেঙে চুরমার। শিরোপার দৌড়ে সবচেয়ে বেশি চর্চায় থাকা ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা সেমিফাইনালেই থমকে দিয়েছে স্পেন।

গত রাতে ডালাসে দুই ইউরোপীয় জায়ান্টের লড়াইয়ে স্পেন বাধা টপকাতে পারেনি ফ্রান্স, হেরেছে ২-০ ব্যবধানে। ফাইনালের টিকিট হাতছাড়া হওয়ার হতাশা থাকলেও কিলিয়ান এমবাপেদের বিশ্বকাপ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।

আগামী শনিবার রাত ১টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের লড়াইয়ে নামবে তারা। সান্ত্বনার ওই ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ কে হবে, তা জানা যাবে আজ রাতেই।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজকের ম্যাচে যে দল হারবে, তাদের বিপক্ষেই খেলতে হবে ফ্রান্সকে।

শিরোপার স্বপ্নভঙ্গের পর বিশ্বকাপের শীর্ষ তিনে থেকে শেষ করতে চাইবে এমবাপেরা। ফরাসি ডাগআউটে নিজের বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারের ইতি টানার ম্যাচটা জয়ে রাঙাতে চাইবেন দিদিয়ের দেশ্যমও। উল্লেখ্য, ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যাচ্ছে ফ্রান্স।

অনেকের কাছে এটি কেবলই সান্ত্বনার ম্যাচ মনে হলেও, এর পেছনে বড় অঙ্কের অর্থ আর র‌্যাংকিংয়ের হিসাব নিকাশও জড়িয়ে আছে। ১৯৩৪ সাল থেকে প্রতি বিশ্বকাপে এই ম্যাচটি হয়ে আসছে, যা সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দলকে খালি হাতে ফেরার তিক্ততা থেকে কিছুটা হলেও মুক্তি দেয়।

বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারী দল পাবে ৩০ মিলিয়ন ইউএস ডলার, আর চতুর্থ হয়ে শেষ করা দল বাড়ি ফিরবে ২৮ মিলিয়ন ইউএস ডলার নিয়ে। পাশাপাশি ফিফা র‍্যাংকিংয়ের সমীকরণও জড়িয়ে আছে এই ম্যাচের সঙ্গে। ফিফার বিশেষ অ্যালগরিদম অনুযায়ী, নকআউট পর্বের এই ম্যাচে জয়ী দল প্রতিপক্ষের শক্তি এবং ম্যাচের গুরুত্ব বিবেচনায় বাড়তি র‍্যাংকিং পয়েন্ট বোনাস হিসেবে পাবে, যা দলগুলোর ভবিষ্যৎ গ্রুপিং ও মর্যাদার লড়াইয়ে বেশ কাজে দেবে।

আলোকিত প্রতিদিন/১৫জুলাই ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -