মামুন আহমেদ জয়, ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় কভার ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা ৪৬ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার সংবাদ পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী আকিজ ফুড অ্যান্ড বেভারেজের একটি কভার ভ্যান এবং সিরাজগঞ্জগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অ্যাম্বুলেন্সের যাত্রী মো. জালাল উদ্দিন (৩৫), পিতা–জলিল উদ্দিন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বিনপাড়া গ্রামের বাসিন্দা, গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ধামরাই ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
আলোকিত প্রতিদিন/এপি

