আজ , ।   

টানা ঊর্ধ্বগতিতে দুই বছরের সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

টানা কয়েক কার্যদিবসের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের শেয়ারবাজার নতুন গতি পেয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৩টি সিকিউরিটিজের লেনদেন হয়। এর মধ্যে ১৯৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৩৭টির কমেছে এবং ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এটি ২০২৪ সালের ২১ মার্চের পর সর্বোচ্চ অবস্থান। ওই দিন সূচকটি ছিল ৫ হাজার ৯৪২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৭ পয়েন্টে এবং ব্লু-চিপ কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৭ পয়েন্টে পৌঁছেছে।

লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে। মঙ্গলবার ডিএসইতে মোট ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ২৩২ কোটি ১৪ লাখ টাকা বেশি। সোমবার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকা।

এর আগে গত রোববার ডিএসইতে ১ হাজার ৬৬৯ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছিল, যা ২০২৪ সালের ১১ আগস্টের পর সর্বোচ্চ ছিল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির দাম বেড়েছে, ৮৯টির কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে দেশের উভয় শেয়ারবাজারেই বিনিয়োগকারীদের ইতিবাচক অংশগ্রহণের চিত্র ফুটে উঠেছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -