আজ , ।   

স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আরো খবর

বিশেষ প্রতিবেদক:

দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উদ্যোক্তা হওয়ার পথ চ্যালেঞ্জিং হলেও সাহস, অধ্যবসায় ও উদ্ভাবনী চিন্তা থাকলে সফল হওয়া সম্ভব। এ যাত্রায় সরকার উদ্যোক্তাদের পাশে থাকবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন উদ্যোগ শুরু করা সহজ নয়। সফল হতে হলে নানা বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করতে হয়। তবে যারা নতুন কিছু করার স্বপ্ন দেখছেন, তাদের নিরুৎসাহিত না হয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে এবং ভবিষ্যতেও তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। সরকারের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একজন উদ্যোক্তার সফলতা শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং তা নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দেশের উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজের জীবনের নানা প্রতিকূলতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কঠিন সময়ে ধৈর্য ও দৃঢ় সংকল্প মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। তাই বাধা এলেও লক্ষ্য থেকে সরে না যাওয়ার আহ্বান জানান তিনি।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং স্টার্টআপ সংস্কৃতির বিকাশ বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত হবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -