বিনোদন ডেস্ক:
ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে অসংখ্য দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তবে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে এবারই প্রথম একক সংগীতানুষ্ঠান করতে যাচ্ছেন তিনি।
আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানটির প্রস্তুতিতে ইতোমধ্যেই ব্যস্ত সময় পার করছেন এই বরেণ্য শিল্পী।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তার জনপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন। পাশাপাশি থাকবে তার দীর্ঘ সংগীতজীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডার পর্ব।
একক এই আয়োজন নিয়ে রুনা লায়লা বলেন, ‘দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন অনুষ্ঠান গুরুত্বপূর্ণ। শ্রোতাদের পছন্দের কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার জীবনে শিল্পকলা একাডেমির মঞ্চে কয়েকবার গান গাইলেও একক কনসার্ট এবারই প্রথম। আশা করছি, সবার সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা কাটবে।’
এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে একই ধরনের বিশেষ আয়োজন করেছে।
এদিকে শিল্পকলার অনুষ্ঠান শেষে চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবেন রুনা লায়লা। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
আলোকিত প্রতিদিন / এম আর এম

