বিশেষ প্রতিনিধি: ইডেন মহিলা কলেজের সাধারণ ও আবাসিক শিক্ষার্থীদের মাঝে বৃষ্টি উপেক্ষা করে ছাতা বিতরণ করেছেন কলেজ ছাত্রদলের নেত্রী তোহা আমিন। কলেজের একাডেমিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন কলেজের অধ্যক্ষ শামীম আরা লুনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শাহনাজ পারভীনসহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ। পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তোহা আমিন জানান, বর্ষাকালে অনেক শিক্ষার্থীর ছাতা না থাকায় এবং আর্থিক কারণে কিনতে না পারায় তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, যাদের ছাতা নেই, তাদের জন্য এই আয়োজন। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারাটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।
তিনি আরও জানান, তাদের সংগঠন বিভিন্ন সময় গরিবদের মাঝে খাবার ও ওষুধ বিতরণ, শীতবস্ত্র প্রদান, বন্যাকবলিত এলাকায় সহায়তা, বৃক্ষরোপণ এবং রেনকোট বিতরণের মতো সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। তোহা আমিন বলেন, ভর্তি ফি-এর অভাবে যারা কলেজে ভর্তি হতে পারেনি তাদের আর্থিক সহায়তা, ভর্তি পরীক্ষার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা এবং অ্যাডমিট কার্ড সংগ্রহে সহায়তা করাসহ নানা ধরনের সহযোগিতামূলক কাজও করা হচ্ছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার নারী বান্ধব ভাবনা এবং তারেক রহমানের ভিশন নিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। ছাতা পাওয়া শিক্ষার্থীরা জানান, এই উদ্যোগে তারা উপকৃত হয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৃষ্টিমুখর দিনে এমন মানবিক উদ্যোগ ইডেন কলেজ ক্যাম্পাসে প্রশংসা কুড়িয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

