প্রতিনিধি,ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ছাতক পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর উদ্যোগে পৌরসভার মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন বিষয়ক প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই সোমবার সকালে ছাতক পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন। তিনি দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।সভায় জানানো হয়, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহায়তায় প্রায় এক বছর ধরে পরিচালিত বিভিন্ন জরিপ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ভিত্তিতে পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। পরিকল্পনাটি বাস্তবসম্মত ও জনবান্ধব করতে স্থানীয় নাগরিক, জনপ্রতিনিধি, পেশাজীবী এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণের লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।সভায় বক্তব্য দেন প্রকল্প পরিচালক (পিডি) ইমতিয়াজ আহমেদ, পিডিআরসি’র প্রধান নির্বাহী মো. সারোয়ার হোসেন অপু, আইইউজিআইপি’র সিনিয়র কনসালট্যান্ট আফসানা এম. কামাল, জিআইএস বিশেষজ্ঞ জুলকারনাইন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক এবং উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস।আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট পিযুষ ভট্টাচার্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, আফসার উদ্দিন, আবু হুরায়রা ছুরত, রবীন্দ্র কুমার দাস, সামসুর রহমান বাবুল, সাংবাদিক আব্দুল আলিম, শিক্ষক মাহবুবুর রহমান, মানিক মিয়া লিটুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।এ সময় শিক্ষক, প্রকৌশলী, টিএলসিসির সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত থেকে নগর অবকাঠামো, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।আয়োজকদের মতে, অংশীজনদের মতামত পর্যালোচনা করে একটি সমন্বিত ও টেকসই মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতে ছাতক পৌরসভার পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোকিত প্রতিদিন/১৩জুলাই ২০২৬/মওম

