শহীদুল ইসলাম রুবেল:
”তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ১২ জুলাই রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং কর্মীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী।
বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাঃ বিজয় প্রকাশ বিশ্বাস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডাঃ কৃপানাথ পাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমা বেগম,বেসরকারী সংস্হা সেরা’র নির্বাহী পরিচালক মোঃ এস এম মজিবুর রহমান,স্বাবলম্বী উন্নয়ন সমিতির ম্যানেজার কুহিনূর বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলমগীর জাহান ও উপ সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরা হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে তাদের কথা শোনা এবং তাদের বৈধ চাহিদাকে গুরুত্ব দেয়ার এখনই উপযুক্ত সময়। সুস্থ-সবল জাতি গঠনের জন্য মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্মসূচির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নারী ও কন্যাশিশুর অপার সম্ভাবনাসমূহ কাজে লাগাতে হবে।
উল্লেখ্য যে, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১১ জুলাই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ হয়েছে । এবং ১৩ জুলাই সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বালুয়াকান্দা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য স্কুল স্বাস্থ্য শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোকিত প্রতিদিন/১২জুলাই ২০২৬/মওম

