আজ , ।   

দেবিদ্বারে ছাত্র দিয়ে এসএসসি খাতা মূল্যায়ন: ছাত্র সহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রে*প্তার

আরো খবর

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে আলোচিত এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তাঁর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন, দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং একই বিদ্যালয়ের ছাত্র এবং এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এসএসসি-২০২৬ সালের সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তাঁর বিদ্যালয়ের এক ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে এলে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশনার পর শনিবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানকে আসামি করা হয়। মামলা দায়েরের পর শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ও ছাত্রকে গ্রেপ্তার করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। ওই মামলার ভিত্তিতেই শিক্ষক এবং ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/১২জুলাই ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -