আজ , ।   

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহ#ত বন্য মা হাতি

আরো খবর

হেলাল উদ্দিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়েছে একটি বন্য মা হাতি। টানা বৃষ্টিতে নরম হয়ে যাওয়া পাহাড়ি ঢালে পা পিছলে আনুমানিক প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যাওয়ার পর থেকে হাতিটি আর দাঁড়াতে পারেনি। দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়ায় বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও প্রশাসন ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ জানায়, পাহাড়ে খাবারের সন্ধানে লতাপাতা খাওয়ার সময় বৃষ্টিতে আলগা হয়ে যাওয়া মাটিতে পা পিছলে গভীর খাদে পড়ে যায় হাতিটি। প্রচণ্ড আঘাতে সেটি আর উঠে দাঁড়াতে পারেনি। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখে দ্রুত বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা শুরু করেন।

টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ বলেন, হাতিটি গুরুতর আহত হলেও বেঁচে আছে। নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা চলছে। কয়েকদিন নিবিড় পরিচর্যা করা গেলে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, হাতিটির পেছনের দুটি পা গুরুতরভাবে আহত হয়েছে এবং পেটেও আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে এটি শুয়ে আছে এবং সামান্য নড়াচড়া করতে পারছে।

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় হাতিটিকে নিরাপদে অন্যত্র স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। তাই উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে আসছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।

প্রশাসন জানিয়েছে, হাতিটি সুস্থ হয়ে উঠলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আবারও প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় মাটি নরম হয়ে যাওয়ায় বন্য প্রাণীর দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ ধরনের ঘটনা রোধে হাতির চলাচলের পথ ও পাহাড়ি বনাঞ্চলে নিবিড় পর্যবেক্ষণ জোরদারের প্রয়োজন রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -