আজ , ।   

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্ত হবে ২৫ দিন আগে

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

দেশের সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র নির্ধারণে অভিন্ন নীতিমালা কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি জানিয়েছে, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করে নতুন এ বিধান যুক্ত করা হয়েছে। আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে ভোটের ১৫ দিন আগে কেন্দ্রের তালিকা চূড়ান্ত করার নিয়ম ছিল। সংশোধিত নীতিমালায় সেই সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ভোটের ২৫ দিন আগে কেন্দ্র চূড়ান্ত করার বিধান ছিল। সব স্থানীয় সরকার নির্বাচনে একই ধরনের নিয়ম কার্যকর করতেই জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের জন্য একটি এবং প্রতি ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বা বুথ রাখতে হবে।

অক্টোবরের শুরুতেই ভোট আয়োজনের প্রস্তুতি:

নির্বাচন কমিশন আগামী আগস্টের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে।

এ লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের কাজ দ্রুত শেষ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে কমিশন। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল, সে তথ্যও চাওয়া হয়েছে।

বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাই নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -