স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে সতর্ক অবস্থান নিয়েছে আর্জেন্টিনা দল। বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল ৭টায় কানসাসে শেষ আটের ম্যাচে সুইসদের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে প্রতিপক্ষের শক্তি ও নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনির সহকারী এবং আর্জেন্টিনার সাবেক তারকা ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল।
স্যামুয়েলের মতে, সুইজারল্যান্ড শুধু শারীরিকভাবে শক্তিশালী দলই নয়, তারা কৌশলগত দিক থেকেও বেশ পরিণত। গ্রানিত শাকা ও ম্যানুয়েল আকাঞ্জির মতো অভিজ্ঞ ফুটবলারদের কারণে দলটি বল দখলে ঠান্ডা মাথায় খেলতে পারে এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার সামর্থ্যও রাখে তারা।
স্যামুয়েল বলেন, ‘তারা শারীরিকভাবে বেশ শক্ত-সামর্থ্য। শাকা ও আকাঞ্জির মতো মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তারা শুধু ভালো খেলেই না, মানসিকভাবেও পরিণত। বল পায়ে তারা খুবই শান্ত থাকে এবং দল হিসেবে বেশ সংগঠিত।’
তবে সুইজারল্যান্ডকে কেবল শক্তিনির্ভর বা রক্ষণাত্মক দল হিসেবে দেখছেন না তিনি। আর্জেন্টিনার কোচিং স্টাফ প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণের পাশাপাশি নিজেদের স্বাভাবিক খেলাতেও সমান গুরুত্ব দিচ্ছে।
স্যামুয়েল আরও বলেন, ‘অবশ্যই আমরা প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করছি। একই সঙ্গে নিজেদের খেলাটা কীভাবে আরও কার্যকর করা যায়, সেটিও ভাবছি। কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠার স্বপ্নও দেখছে আর্জেন্টিনা। তবে স্যামুয়েলের মতে, এখনই ফাইনাল নিয়ে বেশি ভাবার সময় নয়।
এদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে ৮ গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এমবাপ্পের তুলনায় একটি ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়েছেন মেসি।
২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জেতানো এই মহাতারকা সেই আসর থেকে এখন পর্যন্ত টানা ৯টি বিশ্বকাপ ম্যাচে গোল করেছেন। বিশ্বকাপ ইতিহাসে যা অনন্য কীর্তি। একই সঙ্গে ২১ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
মেসির পারফরম্যান্সে মুগ্ধ স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তেও। তার ভাষায়, ‘মেসিকে দেখে মনে হয়, সে যেন ১৯ বছর বয়সী একজন তরুণ ফুটবলার।’
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে তাই সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার আশা-ভরসার বড় অংশই জড়িয়ে আছে অধিনায়ক মেসির অসাধারণ ফর্মের সঙ্গে।
আলোকিত প্রতিদিন/এপি

