নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।
৯ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনার চাটমোহর বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দালালতন্ত্র, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে বাধ্য হন, যা গ্রহণযোগ্য নয়।
শিক্ষা খাতের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি অভিযোগ করেন, হাসপাতালের খাবারের টেন্ডারে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্কুল পরিচালনা কমিটি গঠনেও অনিয়মের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলোর ম্যানেজিং কমিটিতে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে।
বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু ক্ষমতায় থাকার কারণে কোনো দলের নেতা-কর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। জনগণকে ভালো ও সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।
এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, তাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।
সারজিস আলম অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, হাজারো গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রশাসনকে কোনো দলের প্রতীক নয়, বরং দেশের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, পাবনার এনসিপি নেতা বরকতুল্লাহ ফাহাদ, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টার প্রমুখ।
আলোকিত প্রতিদিন/১০জুলাই ২০২৬/মওম

