আজ , ।   

ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অ*বরোধ

আরো খবর

মামুন আহমেদ জয়: ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। কয়েক ঘণ্টাব্যাপী এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। তাই নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যেসব সময় গ্যাস ছিল না, সেই সময়ের বিল মওকুফ এবং ব্যবহারভিত্তিক বিল আদায়ের লক্ষ্যে প্রতিটি আবাসিক সংযোগে গ্যাসের মিটার স্থাপনের দাবি জানান তারা।

আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা সুলতানা বেগম বলেন, “সকালে ঠিকমতো রান্না করতে পারিনি, পরিবারের কেউ খেতে পারেনি। আমাদের একটাই দাবি—পর্যাপ্ত গ্যাস দিতে হবে। আর যেসব দিন গ্যাস পাইনি, সেসব দিনের বিল মওকুফ করতে হবে।”

অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা শাহীনুর ইসলাম বলেন, “দুই-তিন ঘণ্টা ধরে মহাসড়কে আটকে আছি। সাধারণ মানুষকে এমন দুর্ভোগে ফেলেই দাবি আদায় করতে হচ্ছে, যা খুবই দুঃখজনক।”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

এ সময় ধামরাই থানা পুলিশ ও গোলড়া হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -