মো: মহিদ:
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কালিগঙ্গা নদীর শিমুলিয়া খেয়াঘাটে নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ জুলাই রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান, কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া (হাবু), সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল আল মামুন,যুবদল নেতা মাহাবুব আলম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, পুটাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালিগঙ্গা নদীর ভাঙনে শিমুলিয়া খেয়াঘাট ও আশপাশের এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। ভাঙনের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের দুর্ভোগও বেড়েছে। এ অবস্থায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে নদীর তীর সংরক্ষণ হবে এবং ভাঙনের তীব্রতা অনেকটাই কমে আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মৌসুমী নাসরিন বলেন, শিমুলিয়া খেয়াঘাট ও আশপাশের এলাকা নদীভাঙন থেকে রক্ষায় সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে ভাঙনপ্রবণ অন্যান্য স্থানেও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৮৫ মিটার এলাকাজুড়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এই আপৎকালীন কাজ শেষ হওয়ার পর অবশিষ্ট ভাঙনকবলিত এলাকায়ও পর্যায়ক্রমে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৫ জুলাই ২০২৬/মওম

