আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস-নেইমারা

আরো খবর

 ক্রীড়া ডেস্ক:

শুরুটা সংশয়পূর্ণ হয়া সত্যেও ক্রমান্বয়ে গোছালো ও ছন্দময় পারফরম্যান্স ফিরেছে ব্রাজিল। অন্যদিকে, ফ্রান্সের বিপক্ষে গ্রুপ ম্যাচ বাদে আর্লিং হালান্ডের নরওয়ের ২৮ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তনটা এখন পর্যন্ত স্বপ্নময়। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি দ্বৈরথে নামছে ভিনিসিয়ুস জুনিয়রের ব্রাজিল এবং হালান্ডের নরওয়ে।

৫জুলাই রবিবার দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-নরওয়ে। বিশ্ব ফুটবলে দীর্ঘদিনের আধিপত্য থাকা সত্ত্বেও নরওয়ের বিপক্ষে জয়ের স্বাদ পাওয়া হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আগের চার দেখায় জিততে না পারা সেলেসাওরা এবার পঞ্চম প্রচেষ্টায় সেই অচলাবস্থা ভাঙতে চাইবে।

কোচ কার্লো আনচেলত্তির প্রতিভাবান ব্রাজিল স্কোয়াডের সামর্থ্য নিয়ে প্রশ্ন না থাকলেও শুরুতে কিছু দুর্বলতা ছিল। এখন নতুন করে ভাবতে হচ্ছে একাধিক চোট নিয়ে। শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে অল্পের জন্য বিদায় এড়ানো ব্রাজিলকে নরওয়ের বিপক্ষে আরও উন্নত পারফরম্যান্স দেখাতে হবে। এবারের টুর্নামেন্টের অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত নরওয়ে ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

হালান্ড ও মার্টিন ওডেগার্ডকে সামনে রেখে নরওয়ে আত্মবিশ্বাসী। গ্রুপ ‘আই’-এ ইরাক ও সেনেগালকে হারিয়ে এবং ফ্রান্সের কাছে হেরে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে ওঠে নরওয়ে।  ৩২-এ শেষ মুহূর্তে ২-১ গোলের জয়ে আইভরি কোস্টকে টুর্নামেন্ট থেকে বিদায় করে। যা বিশ্বকাপের নকআউট পর্বে তাদের প্রথম জয়। এর আগে ১৯৩৮ ও ১৯৯৮ সালে ইতালির কাছে হেরে বিদায় নিয়েছিল নরওয়ে।

ম্যানচেস্টার সিটির জার্সিতে গোলমেশিনে পরিণত হওয়া হালান্ড নরওয়ে জাতীয় দলেও দুর্দান্ত ফর্মে আছেন। চলতি বিশ্বকাপে দলটি ১০টি গোল করেছে, যার পাঁচটিই এসেছে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের পা থেকে। নিজের প্রথম বিশ্বকাপ খেলেই এমন পারফরম্যান্স নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ছাড়া তাদের প্রেরণা দিচ্ছে ১৯৯৮ বিশ্বকাপ, ওই আসরের রানার্সআপ ব্রাজিলকে গ্রুপপর্বে তারা ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। আর সেই দলেরই মিডফিল্ডার ছিলেন বর্তমান কোচ স্টালে সোলবাক্কেন।

অন্যদিকে, নরওয়েকেও সতর্ক থাকতে হবে ব্রাজিলের তুরুপের তাস ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে। টুর্নামেন্টে চার গোল করে তিনি এই আসরে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করে তিনি ২০০২ সালের রোনালদো নাজারিও এবং রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ওই কীর্তি গড়েন। ওই বছরেই ব্রাজিল নিজেদের সর্বশেষ এবং পঞ্চম বিশ্বকাপ শিরোপা জেতে।

অপ্টার ভবিষ্যদ্বাণী : ফুটবলের পূর্বাভাসবিষয়ক অভিজ্ঞ অপ্টা সুপারকম্পিউটারের তথ্যমতে, নরওয়ে ম্যাচে আজ নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। বিপরীতে, হালান্ডদের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ। এ ছাড়া ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২৪ শতাংশ।

পরিসংখ্যান : ব্রাজিলের বিপক্ষেএখনও না হারার বিরল কীর্তি রয়েছে নরওয়ের। দুই জয় ও দুই ড্রয়ে চার দেখায় অপরাজিত তারা। এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর স্মরণীয় জয়ও রয়েছে। সবশেষ ২০০৬ সালে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যা ১-১ গোলে ড্র হয়।

আলোকিত প্রতিদিন/ ০৫ জুলাই ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -