আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ে করলেন বিশ্বখ্যাত পপ তারকাটেইলর সুইফট

আরো খবর

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসি। শুক্রবার নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কঠোর নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্য দিয়ে সম্পন্ন হয় বহুল আলোচিত এই তারকা জুটির বিয়ে।

বিয়ের আনুষ্ঠানিকতার আগের দিন, ২ জুলাই সন্ধ্যা ৬টায় ভেন্যুর ইনফোসিস থিয়েটারে অনুষ্ঠিত হয় মহড়া-নৈশভোজ। এতে নবদম্পতির পরিবার এবং ঘনিষ্ঠজনসহ প্রায় ১০০ অতিথি অংশ নেন। পরদিন ৩ জুলাই বিকেল ৪টায় ককটেল পর্ব দিয়ে শুরু হয় মূল আয়োজন। বিকেল সাড়ে ৫টায় সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয় সংবর্ধনা, যা চলে গভীর রাত পর্যন্ত।

প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানের জন্য কয়েক দিন ধরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে সম্পূর্ণ নতুন রূপে সাজানো হয়। অতিথিদের যাতায়াত গোপন রাখতে ভেন্যুর চারপাশে বিশেষ পর্দা টাঙানো হয়। পুরো অনুষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। এমনকি অনুষ্ঠানের গোপনীয়তা বজায় রাখতে অতিথিদের গোপনীয়তা চুক্তিতেও স্বাক্ষর করতে হয়।

বিয়ের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল এর আনুষ্ঠানিকতা পরিচালনা। হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। প্রচলিত নিয়ম ভেঙে টেইলরের পক্ষে সম্মানসূচক সহচরের দায়িত্ব পালন করেন তার ভাই অস্টিন সুইফট। অন্যদিকে ট্রাভিসের প্রধান সহচর ছিলেন তার বড় ভাই ও সাবেক আমেরিকান ফুটবল তারকা জেসন কেলসি।

বিয়ের পোশাকেও ছিল রাজকীয় আভিজাত্য। টেইলর ও ট্রাভিস—দুজনের পোশাকই তৈরি করেছে ফরাসি ফ্যাশন প্রতিষ্ঠান ক্রিশ্চিয়ান দিওরের উচ্চ ফ্যাশন বিভাগ। পোশাকের নকশা করেন জনাথন অ্যান্ডারসন। টেইলরের সাজে ছিল কার্টিয়ারের গয়না এবং বিশেষভাবে তৈরি খ্রিস্টিয়ান লুবুতাঁর জুতা।

তারকাখচিত এ আয়োজনে উপস্থিত ছিলেন এড শিরান, জেনিফার লোপেজ, ব্র্যাডলি কুপার, হিউ গ্রান্ট, গিগি হাদিদ, ডাকোটা জনসন, স্টিভেন স্পিলবার্গসহ বিনোদন ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ।

২০২৩ সালে শুরু হওয়া টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির প্রেমের সম্পর্ক ২০২৫ সালে বাগদানে রূপ নেয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন জীবনের সূচনা করলেন এই বহুল আলোচিত তারকা জুটি।

আলোকিত প্রতিদিন/ ০৪ জুলাই ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -