বিনোদন ডেস্ক: অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ তুলে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (০৩ জুলাই) সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিন পদধারী ব্যক্তি এ অভিযোগ দাখিল করেন।
শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন।
অভিনেত্রী শাওন ও নায়িকা মাহির বিরুদ্ধে প্রথমে তারা মামলা করতে চেয়েছিলেন। পরে তারা অভিযোগ দিয়েছেন। বিষয়টির ব্যাপারে অভিযোগ পাওয়ার পর সেটির তদন্তের দায়িত্ব এসআই রায়হানকে দেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে।
তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে অভিযোগটি ডিবির সাইবার বিভাগে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। সেখানে তারা লিংকগুলো পরীক্ষা করবেন।
এদিকে শাহবাগ থানার একটি সূত্র জানিয়েছে, সকালের দিকে রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে তিনজন ব্যক্তি থানায় যান এবং শাওন ও মাহির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তারা।
অভিযোগে তারা জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। পুলিশ সেটি গ্রহণ করেছে। এখন সাইবার বিভাগ তদন্ত করবে। এরপর শাওন ও মাহির বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হলে তারা গ্রেফতার হতে পারেন বলে জানা গেছে।
অভিযোগপত্রে দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা। এতে তারা লিখেছেন—
‘বিনীত নিবেদন এই যে, ১,৪০০-এর অধিক শহীদ ও ৩০ হাজারের অধিক আহত বিপ্লবী মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য প্রদান করেছেন তারা। প্রথমত, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ/আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফেসবুক লিংকে প্রকাশ করেছেন বলে দেখা যায়, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
দ্বিতীয়ত, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিওবার্তা তার সামাজিক যোগাযোগমাধ্যমের লিংকে প্রকাশ করে জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তৃতীয়ত, মাহিয়া মাহি তার সামাজিক যোগাযোগমাধ্যমের লিংকে এমন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, যেখানে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন।
অতএব, উপরোক্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট বিনীত আবেদন জানাচ্ছি। আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম (SDF)-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগসমূহ তদন্ত করে তাদের আইনের আওতায় আনার এবং বাংলাদেশের আইন, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
আলোকিত প্রতিদিন/এপি

