আলোকিত প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে ফরম পূরণের জন্য নির্ধারিত সময়ে টাকা জমা দেওয়ার পরও রেজিস্ট্রেশন নম্বরের ভুলের কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সুমাইয়া আক্তার নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে কান্নারত অবস্থায় দেখা যায় তাকে। এর আগের দিন বিকেল পর্যন্ত অপেক্ষা করেও প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে তার।
সুমাইয়া উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত ওবাইদুল হক বাবুর মেয়ে। তিনি চন্দনবাইশা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ভুক্তভোগী এই শিক্ষার্থীর অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার রেজিস্ট্রেশন নম্বর ভুলভাবে অন্তর্ভুক্ত হওয়ায় প্রবেশপত্র ইস্যু হয়নি বলে তিনি জানান।
সুমাইয়া আরও বলেন, ‘আমার বাবা নেই। আমার ভাই অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছেন। আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু কলেজ কর্তৃপক্ষের ভুলে সেই স্বপ্ন ভেঙে গেল আমার। এখন আমি কী করব বুঝতে পারছি না।
তিনি বলেন, ‘আমার কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়ে ফরম পূরণ করা হলেও রেজিস্ট্রেশন নম্বর ভুল করা হয়েছে। এ কারণে পরীক্ষাকেন্দ্রে গিয়েও আমি পরীক্ষা দিতে পারিনি।’
এ বিষয়ে চন্দনবাইশা ডিগ্রি কলেজের অধ্যক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস বলেন, বিষয়টি তদন্তের জন্য প্রতিষ্ঠান প্রধানকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

