আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনবল সংকট, শিক্ষকরাই করছেন অতিরিক্ত কাজ

আরো খবর

মামুন আহমেদ জয় -ঢাকা জেলা প্রতিনিধি, ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে জনবল সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ে ১৪৪ জন শিক্ষার্থী থাকলেও নেই কোনো দপ্তরি ও পরিচ্ছন্নতাকর্মী। ফলে শ্রেণিকক্ষে পাঠদানের দায়িত্বে থাকা শিক্ষকদেরই করতে হচ্ছে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দাপ্তরিক বিভিন্ন কাজ।

সরেজমিনে বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়, নির্ধারিত সময়ে পাঠদান চালিয়ে যাওয়ার পাশাপাশি শিক্ষকরা বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজও করছেন। এতে শিক্ষকরা বাড়তি দায়িত্বের চাপে পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক কামরুজ্জামান কামরুল। সীমিত জনবল নিয়ে তিনি বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

শিক্ষকরা জানান, একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানই শিক্ষকদের প্রধান দায়িত্ব। কিন্তু দপ্তরি ও পরিচ্ছন্নতাকর্মী না থাকায় বিদ্যালয়ের দৈনন্দিন কাজ পরিচালনা করতে গিয়ে পাঠদানের ওপর প্রভাব পড়ছে।

স্থানীয় অভিভাবকরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হলে দ্রুত শূন্য পদগুলো পূরণ করা প্রয়োজন। প্রধান শিক্ষকসহ অন্যান্য কর্মচারীর পদ দীর্ঘদিন খালি থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষাবিদদের মতে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের পাশাপাশি সহায়ক কর্মচারীর অভাবও শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব কমিয়ে তাদের পাঠদানে মনোযোগী করার জন্য দ্রুত প্রয়োজনীয় পদে নিয়োগ দেওয়া জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদগুলো পূরণে পর্যায়ক্রমে নিয়োগ কার্যক্রম নেওয়া হচ্ছে। দ্রুত এসব সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -