আজ শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সিলগালা ভেঙে আবারও চালু অবৈ#ধ তেল কারখানা, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী

আরো খবর

ঢাকা জেলা প্রতিনিধি:- মামুন আহমেদ জয়, ঢাকার ধামরাই উপজেলার ভারারিয়া ইউনিয়নের মারুমঢালী এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্ধ করে দেওয়া একটি ওয়েস্টেজ রিসাইকেলিং ও তৈল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা অমান্য করে পুনরায় চালু করার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ১৩ মে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই পরিত্যক্ত টায়ার ব্যবহার করে পাইরোলাইসিস পদ্ধতিতে অপরিশোধিত তেল উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় কারখানার ভ্যাকুয়াম ভেঙে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়। অভিযানে ধামরাই থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

তবে সরেজমিনে ২৭ জুন দেখা যায়, প্রশাসনের সিলগালা অমান্য করে কারখানাটি আবারও চালু করা হয়েছে। কারখানার দায়িত্বে থাকা এক কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, “প্রশাসনকে ম্যানেজ করেই কারখানা পরিচালনা করা হচ্ছে।” এ সময় সাংবাদিকদের বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধ এই কারখানার কালো ধোঁয়া ও বর্জ্যের কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষিজমির উৎপাদন কমে গেছে, চাষাবাদ ব্যাহত হচ্ছে। বাড়ির নারকেল গাছসহ বিভিন্ন গাছপালায় ফলন কমে যাওয়ার অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয়দের প্রশ্ন—পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্ধ হওয়া একটি প্রতিষ্ঠান কীভাবে আবারও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চালু হয়? অবৈধ এই কারখানার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -