আজ শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে যে আলোচনা হলো

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র এবং ইরানের শান্তি আলোচনার মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। এতে তাঁরা অঞ্চলে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ২৭ জুন শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের ফোনালাপ হয়েছে। এ সময় তারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালনে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ফোনালাপে আরাঘচি শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। পাশাপাশি ইরানি নাবিক এবং জেলেদের নিরাপদে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তিনি ইসলামাবাদকে ধন্যবাদ জানান।

শুক্রবার ইরানে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার সাইটে হামলার পর এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য তেহরানকে দায়ী করে এ হামলা চালিয়েছে।

এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, দেশটির দক্ষিণে মার্কিন হামলার প্রতিবাদে তাদের নৌবাহিনী ওই অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এ উত্তেজনা অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্র ১৪ দফার একটি সমঝোতায় পৌঁছায়। গত ১৮ জুন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এটি কার্যকর রয়েছে।

এই চুক্তিতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক সংঘাত বন্ধ করা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া এর অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ এবং দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বর্তমানে ৬০ দিনের আলোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আলোকিত প্রতিদিন/ ২৭ জুন ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -