আজ শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি হাসপাতালে জ#ন্ম নিলেই স্বর্ণের আংটি দেবেন বিজয় থালাপতি!

আরো খবর

আলোকিত ডেস্ক: দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় রাজনীতিতে এসেও একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। এবার তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ লক্ষ্যে চালু করা হয়েছে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’নামে নতুন একটি সরকারি প্রকল্প।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে প্রতি বছর প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় করা হবে। ইতোমধ্যে দ্রুত দরপত্র আহ্বানসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই সুবিধা কার্যকর হয়েছে ২০২৬ সালের ২২ জুন থেকে, যা মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন। ওই দিন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই প্রকল্পের আওতায় আসবে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, দ্রাবিড় আন্দোলনের অন্যতম নেতা পেরারিঞার আন্নার জন্মবার্ষিকীতে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী‘থাই মামান সির’ প্রথা থেকেই এই প্রকল্পের ধারণা নেওয়া হয়েছে। এই প্রথায় নবজাতকের মামা শিশুকে আশীর্বাদস্বরূপ বিভিন্ন উপহার দেন। নতুন প্রকল্পে সেই প্রতীকী দায়িত্ব পালন করবে রাজ্য সরকার। নবজাতকের প্রতি ভালোবাসা, যত্ন ও শুভকামনার নিদর্শন হিসেবে প্রতিটি শিশুকে একটি করে সোনার আংটি উপহার দেওয়া হবে।

সরকারের দাবি, এই উদ্যোগ শুধু নবজাতক ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রকাশ নয়, একই সঙ্গে তামিল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখবে।

এর আগে বিভিন্ন রাজনৈতিক দল বা নেতারা ব্যক্তিগত উদ্যোগে জন্মদিন উপলক্ষে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি উপহার দিলেও, প্রথমবারের মতো এমন উদ্যোগকে একটি স্থায়ী সরকারি কল্যাণ প্রকল্পের আওতায় আনা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -