বিশেষ প্রতিবেদক: প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ফের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশে নতুন নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, আগামী ২৮শে জুন থেকে এই ভিসার আবেদন করা যাবে। পর্যটন ভিসার গুরুত্ব অনুধাবন করেই দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই ভিসা পুনরায় চালুর ঘোষণা দিলেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দিনেশ ত্রিবেদী।
দিনেশ ত্রিবেদী আরও বলেন, আমি বুঝতে পেরেছি ভিসা কতটা জরুরি। সেই কারণে প্রথম পদক্ষেপ হিসেবে পর্যটন ভিসা চালুর উদ্যোগ নেওয়া হলো। প্রাথমিকভাবে দেশের ৫টি কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে। পাঁচটি কেন্দ্র হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পাশাপাশি মেডিকেলসহ অন্যান্য ভিসা সেবা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, পর্যটন ভিসার পাশাপাশি জরুরি মেডিকেল ভিসাসহ অন্যান্য ভিসাসেবা অব্যাহত রাখা হবে। ভিসা কার্যক্রমের আধুনিকায়নের পাশাপাশি ভিসা সেন্টার শিশু-কিশোরদের জন্য খেলার পৃথক স্থান, অধিক অসুস্থ রোগীদের জন্য বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে সেখানে।
এর আগে শুক্রবার (১২ জুন) বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশে আসার পর এটিই দিনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। গত ২৪ জুন ভারত সরকার তাকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।
ভারতীয় ভিসার জন্য আবেদনকারী অনেকেই গুরুতর গুরুতর রোগের চিকিৎসার উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করে থাকেন। এই সকল মানবিক প্রয়োজনগুলোর কথা বিবেচনায় রেখে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে নিরাপত্তাজনিত প্রতিকূলতা বিদ্যমান থাকা সত্ত্বেও ভারতীয় হাই কমিশন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত রেখেছে।
ভারত প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ব্যতীত সকল ধরণের ভিসা মিলিয়ে ১৫শ টিরও বেশি ভিসা ইস্যু করে আসছে। চিকিৎসা সংক্রান্ত ও অন্যান্য জরুরি ভিসাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াকরণ করা হয়েছে। জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/এপি

