আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণহানি ৩২, আহ#ত ৭০০

আরো খবর

আলোকিত প্রতিবেদক: ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ভূমিকম্পের পর হতাহতদের বিষয়ে এটিই সরকারের পক্ষ থেকে প্রকাশিত প্রথম আনুষ্ঠানিক তথ্য। তবে উদ্ধার তৎপরতা চলমান থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানা গেছে।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানান, উপকূলীয় শহর লা গুয়াইরায় বহু ভবন ধসে পড়েছে। পরিস্থিতিকে তিনি ‘একটি প্রকৃত মর্মান্তিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আরও তিনি জানান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫।

সংস্থাটি সতর্ক করে বলেছে, দ্বিতীয় ও অধিক শক্তিশালী ভূমিকম্পটির কারণে ব্যাপক প্রাণহানি এবং বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এ ঘটনায় ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানির সম্ভাবনা ৪৪ শতাংশ। একই সঙ্গে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

সরকারি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করেছেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে নিরাপত্তা ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -