আজ সোমবার, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী এবং জিয়া পরিবারের বিরূদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগে ঢাকায় মামলা

আরো খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর পিতা সাবেক প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং মাতা তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নামে অনলাইনে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের ঘটনায় শিবির-কর্মী হিসেবে চিহ্নিত কাওসার আহমাদকে আসামী করে ফৌজদারী মানহানির অভিযোগ দায়ের করেছেন ইউসুফ কাউসার নামক বিএনপির একজন সমর্থক। মামলাটি ঢাকা  মহানগরের মুখ্য হাকিম আদালতে ১৬ই জুন দায়ের করা হয়। ৮-নং আদালত কক্ষে মেট্রোপলিটান  ম্যাজিস্ট্রেট মোঃ এহসানুল ইসলাম আদালতের এজলাসে এ নির্দেশ দেন।

মামলাটি বাংলাদেশ ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ (সংশোধিত) এর অধীনে ৫০০, ৫০১, ৫০৪, ৫০৫ এবং ৫০৫(ক) ধারায় দায়ের করা হয়েছে। মামলাটি সি.আর-৬৩০/২০২৬ রেফারেন্সে নথিভুক করা হয়েছে বলে আদালত সূত্র জানায়। মামলার পরবর্তী শুনানীর জন্যে ১৬ই জুলাই ধার্য করা হয়েছে এবং মামলাটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদপুর পুলিশ থানাকে। পরবর্তী শুনানীতে উক্ত থানাকে তদন্তের ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দেয়া হবে আদালত সূত্র নিশ্চিত করেছে। মোহাম্মাদপুর পুলিশ থানা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হননি কিন্তু পরবর্তী শুনানীর পরে আরো তথ্য পাওয়া যাবে বলে নাম প্রকাশে এক অনিচ্ছুক এক সূত্র জানান।

মামলার আসামী কাউসার আহমাদ শিবিরের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত বলে জানা গেছে।
মামলা ও স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অসত্য ও মানহানিকর কথা কাউসার আহমাদ তার টুইটার/এক্স এবং ব্যক্তিগত ওয়েবসাইটে  প্রচার করেন বলে অভিযোগ আনা হয়েছে।এসব ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অসমর্থিত প্রশাসনিক সূত্র জানিয়েছে এধরণের ঘটনার মাত্রা বেড়ে চলেছে বিএনপির ভূমিধ্বস নির্বাচন বিজয়ের পর এই বছর ফেব্রুয়ারিতে। এগুলো জামায়াত-শিবির-এনসিপির সুকৌশলে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা রুখে দেয়ার অপচেষ্টা বলে বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন। তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এধরণের অপরাধীর।

আলোকিত প্রতিদিন/মএ

- Advertisement -
- Advertisement -