মামুন আহমেদ জয়: ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ নিয়মিত উপস্থিত না থেকে শুধু হাজিরা কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন সেবাদান কার্যক্রম—এমন অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির পরিবেশ অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনায় ভরা। কেন্দ্রের টয়লেট অপরিষ্কার অবস্থায় রয়েছে এবং ময়লা-আবর্জনা জমে থাকায় রোগী ও আগত সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় স্বাস্থ্যকেন্দ্রের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দেখতে পান, কুশুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ রয়েছে। উপস্থিতি ও সেবাদানের বিষয়ে যাচাই করতে গিয়ে নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত কয়েকজনের উপস্থিতি পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, কেন্দ্রের ফার্মাসিস্ট ফাতেমা আক্তার ও অফিস সহায়ক এনামুল হক শনিবার সকালে এসে হাজিরা দিয়ে চলে যান। পরে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায় বলে জানা যায়।
এ ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও সেবাদানের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
দ্রুত তদারকি বাড়িয়ে কুশুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়মিত সেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে ফার্মাসিস্ট ফাতেমা আক্তার ও অফিস সহায়ক এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করে ভুল হয়েছে বলে জানান। সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

