আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী কতজন

আরো খবর

আলোকিত প্রতিবেদক:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। ২১ জুন রবিবার  তিনি একদিনের সফরে মালয়েশিয়া যাবেন। মালয়েশিয়ায় সফর শেষে চীনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশ মিলিয়ে ছয় দিনের সফরে থাকবেন তিনি। ২২ থেকে ২৬ জুন তিনি চীনে অবস্থান করবেন। পরে দেশে ফিরবেন।

সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়ায় থাকবেন ২৭ জন এবং চীনে ২৮ জন। সফরসঙ্গী যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। ২০ জুন শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন বিকালে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

তিনি জানান, সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ইস্যু প্রাধান্য পাবে। এ সময় কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে।

মূলত সফরের আনুষ্ঠানিক পর্ব ২২ জুন অনুষ্ঠিত হবে।  ২২ জুন বিকালে মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনের উপকূলীয় বন্দরনগরী দালিয়ানের উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ২৩ জুন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নেবেন এবং ২৪ জুন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক সভায় যোগ দেবেন।

পররাষ্ট্র সচিব জানান, ২৪ জুন দুপুরে দালিয়ান থেকে প্রধানমন্ত্রী বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। তিনি প্রতিনিধিদলসহ হাই স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিং যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দালিয়ান থেকে ফ্লাইটের সুবিধা থাকলেও বিশেষ ব্যবস্থায় ট্রেন যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সাধারণত ট্রেনে এ যাত্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগে, যেখানে ফ্লাইটে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঢাকা–বেইজিংয়ের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুইটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার হবে বলেও জানানো হয়।

আলোকিত প্রতিদিন/ ২০জুন ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -