আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদী মারা গেছেন।  ১৯ জুন শুক্রবার বেলা দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সার্জিক্যাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, কবি আল মুজাহিদী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। এর আগে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি সমস্যাসহ মাল্টি অর্গান ফেইলিয়র নিয়ে গত ২৩ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কবিকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৫ জুন পর্যন্ত সেখানে রাখা হয়। এরপর বাসায় নিয়ে আসার পরদিনই আবারও অসুস্থ হয়ে পড়লে ১৬ জুন তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

কবির স্ত্রী পলিন পারভীন জানিয়েছেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় কবির উত্তরার বাসার পাশের মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল শনিবার দুপুর ১২টায় সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তার মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কবি আল মুজাহিদী ১৯৪৩ সালের ১৯ জুন টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি যায়যায়দিন পত্রিকায়ও সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, ছোটগল্প এবং শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন। একুশে পদকপ্রাপ্ত এই কবির প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক, যার মধ্যে কাব্যগ্রন্থেরই সংখ্যা ২০টির বেশি।

আলোকিত প্রতিদিন/১৯জুন ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -