আজ বৃহস্পতিবার, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাপানের রাষ্ট্রদূত

আরো খবর

আলোকিত ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি সৌজন‌্য সাক্ষাৎ করেছেন। ১৭ জুন বুধবার স্পিকারের সংসদ কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেছেন।

এসময় স্পিকার জাপানকে দীর্ঘদিনের পরীক্ষিত, অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের জন‌্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে রপ্তানির জন‌্য জাপানের সহযোগিতা কামনা করেন।

স্পিকার বাংলাদেশের যোগাযোগ এবং অর্থনৈতিক উন্নয়নে জাপানের শর্তহীন বিনিয়োগের জন‌্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ‌্যে জাপান একটি হওয়ার বিষয়টি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি বলেন, বাংলাদেশ-জাপানের মধ‌্যকার সুদৃঢ় সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ‌্যে আন্তরিকতা ও সহানুভূতির মেলবন্ধন।

তিনি বলেন, জাপান সরকার বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব, বাংলাদেশের অর্থনীতিতে সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ‌্য সম্প্রসারণ ও বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

রাষ্ট্রদূত বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে জাতিসংঘ, জাপানসহ আন্তর্জাতিক পর্যবেক্ষ দল সর্বজন গ্রহণযোগ‌্য, নিরপেক্ষ, ‍সুষ্ঠু ও অবাধ হয়েছে বলে রিপোর্ট দিয়েছে। নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারা ফিরে আসায় বাংলাদেশে জাপানের চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে বলে রাষ্ট্রদূত স্পিকারকে অবহিত করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান অ্যাম্বেসির দ্বিতীয় সচিব নিশি ইউকি উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১৭জুন ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -