প্রতিনিধি,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ও সুপরিচিত পণ্য ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে।
১৫ জুন সোমবার শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা এবং ট্রেডমার্কস অধিদপ্তর থেকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। জানা গেছে, ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ অনুযায়ী ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ পণ্যটি জিআই নিবন্ধন লাভ করে। জিআই নিবন্ধন সনদে পণ্যটির নিবন্ধন নম্বর ৬৪ এবং নিবন্ধনের তারিখ ২০ মে ২০২৪ উল্লেখ রয়েছে। প্রায় দুইশত বছরের ঐতিহ্যবাহী এই পণ্যের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে।
দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত এই বিশেষ ধরনের গুড় তার স্বতন্ত্র স্বাদ, গুণগত মান ও ঐতিহ্যের কারণে দেশজুড়ে পরিচিত। জিআই স্বীকৃতির ফলে এ পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মানিকগঞ্জের হাজারি গুড়’ জিআই সনদ পাওয়ায় এটি সমগ্র মানিকগঞ্জবাসীর জন্য আনন্দের এবং গর্বের বিষয়। এই স্বীকৃতির মাধ্যমে হাজারি গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, উৎপাদকদের স্বার্থ রক্ষা এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মানিকগঞ্জের এই বিশেষ পণ্যের পরিচিতি বাড়বে।
আলোকিত প্রতিদিন/১৬জুন ২০২৬/মওম

