আলোকিত প্রতিবেদক:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে খরচ হবে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ২টি।
একনেক চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১৬ জুন মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি অর্থবছরের ১৩তম একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রকল্প হলো—‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রকল্প হলো—‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ এবং ‘পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন)’ প্রকল্প।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এবং কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প অনুমোদন পেয়েছে।
সভায় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের চারটি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করা হয়।
এর মধ্যে রয়েছে—বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন, বিএএফ শাহীন কলেজ শমসেরনগরের অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক এবং ত্রিপিটক শিক্ষা কার্যক্রম (৪র্থ পর্যায়) প্রকল্প।
আলোকিত প্রতিদিন/১৬জুন ২০২৬/মওম

