সিরাজদীখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি, স্বামীকে বিদেশে কর্মস্থলে পাঠাতে বিমানবন্দরে পৌছে দিতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রী মমতাজ বেগম (৩৫)। এ ঘটনায় আরও ১১ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগমের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামে।
নিহতের স্বামী মো.লিটন হোসেন (৪০)দুবাই প্রবাসী ছিলেন। পরিবারের সদস্যদের চোখে ছিল প্রিয়জনকে বিদায় জানানোর বেদনা, কিন্তু মুহূর্তেই সেই বিদায় পরিণত হয় আজীবনের শোকে। স্বামীকে বিদায় দিতে গিয়ে আর ঘরে ফেরা হলো না স্ত্রী মমতাজ বেগমের। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টঙ্গীবাড়ী বজ্রযোগিনী এলাকা হতে মোঃ লিটন হোসেন তার কর্মস্থল দুবাই ফেরার উদ্দেশ্যে পরিবার নিয়ে একটি মাইক্রোবাস যোগে বিমানবন্দরের রওনা দেন । পথে সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় পৌছালে চালকের অসাবধানতা ও নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়িটি রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।
সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মো.শাহ আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,আহতরা সবাই নিকটাত্মীয় । নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । বাকি ৬ জনকে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে দুজন শিশুও রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

