আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে আর্মি আইবিএ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ‘ক্লাব ডে-২০২৬’

আরো খবর

শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত দিনব্যাপী ক্রীড়া ও বিনোদন উৎসব

সাভার (ঢাকা) প্রতিনিধি, মামুন আহমেদ জয়: রাজধানীর সাভারে অবস্থিত আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাব ডে-২০২৬’। আর্মি আইবিএ স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় আনন্দ ও উচ্ছ্বাসের মিলনমেলায়।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, নেতৃত্ব, সৃজনশীলতা ও পারস্পরিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। মাঠে খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক মনোভাব, দর্শকদের উচ্ছ্বাস এবং বন্ধুদের উৎসাহে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

ক্লাব ডে-২০২৬ উপলক্ষে আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতা। এর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট, কিক দ্য বল, থ্রো বল, ডার্টস গেম, পিলো পাসিং এবং ফিফা কুইজসহ নানা আকর্ষণীয় ইভেন্ট। প্রতিটি খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, ক্লাব ডে শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার ইতিবাচক মানসিকতা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি আইবিএ’র পরিচালক, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় নতুন উদ্দীপনা ও পারস্পরিক বন্ধনের দৃঢ়তা। আনন্দ, প্রতিযোগিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শেষ হওয়া ক্লাব ডে-২০২৬ আর্মি আইবিএ’র শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে স্মরণীয় একটি দিন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -