প্রতিনিধি,মানিকগঞ্জ:
মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর মরহুম নাসির উদ্দিন আহমেদ যাদুর স্মরণে শোক র্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম সেওতা থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মরহুমের নিজ বাসভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন, নাসির উদ্দিন আহমেদ যাদু ছিলেন একজন জনবান্ধব ও সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দল-মত নির্বিশেষে মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে মানিকগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। স্থানীয় পশ্চিম সেওতার রহম আলী বলেন, “নাসির উদ্দিন আহমেদ যাদু শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা। মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার আদর্শ ও কর্ম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। মরহুমের সহধর্মিণী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রিতা ইয়াসমিন নাহার আবেগঘন বক্তব্যে বলেন,“আমার স্বামী নাসির উদ্দিন আহমেদ যাদু সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। আপনাদের যে ভালোবাসা ও সম্মান আজ আমি দেখছি, সেটিই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তার জন্য সবাই দোয়া করবেন। তিনি যে স্বপ্ন নিয়ে মানুষের পাশে ছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমার নেত্রী মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা আপার সমর্থন সহ আপনারা আমার ও আমার পরিবারের পাশে থাকলে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচনে লড়বো ইনশাল্লাহ। মরহুম নাসির উদ্দিন আহমেদ যাদুর ছোট ভাই জামিল উদ্দিন আহম্মেদ মনি বলেন,“আমার ভাই নাছির উদ্দিন আহমেদ যাদু সারাজীবন মানুষের ভালোবাসা অর্জনের জন্য কাজ করেছেন। তিনি কখনো ব্যক্তিগত স্বার্থের কথা ভাবেননি, সবসময় মানুষের সুখ-দুঃখের সাথী হওয়ার চেষ্টা করেছেন। জানাজা ও আজ তার স্মরণে শোক র্যালিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও প্রিয় মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাই। তিনি আরও বলেন, “ভাইয়ের অসমাপ্ত স্বপ্ন ছিল একটি সুন্দর ও উন্নত মানিকগঞ্জ পৌর এলাকা গড়ে তোলা। আমরা চাই তার আদর্শ ও জনসেবার ধারা অব্যাহত থাকুক। এই শোককে শক্তিতে পরিণত করে পরিবারের সদস্যরা এবং তার অনুসারীরা মানুষের কল্যাণে কাজ করে যাবে।” আপনারা চাইলে আগামী নির্বাচনে আমার ভাইয়ের সহধর্মিনী নির্বাচনে অংশ গ্রহন করবে। র্যালি শেষে বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তারা আসন্ন পৌর নির্বাচনে মরহুম নাসির উদ্দিন আহমেদ যাদুর সহধর্মিণীকে মেয়র পদে আফরোজা খানম রিতা আপাকে সমর্থন দেওয়ার জোর দাবী জানান। র্যালিতে স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/১৫জুন ২০২৬/মওম

