বিশেষ প্রতিনিধি: বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেছেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের উন্নয়নের জন্য রাজনীতি। কারণ, এই দেশের মানুষ সাবলম্বী না হলে দেশ কোনোদিন উন্নয়নশীল দেশে পরিণত হবে না।
এ সময় বর্তমান সরকার ইতোমধ্যে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকার সারাদেশে প্রত্যেকটি উপজেলায় ১০ হাজার কৃষিকার্ড দেবে।
আজ শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী পাতলী খাল আনুষ্ঠানিক পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বাজেটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে সাতটি পণ্যে ট্যাক্স বাদ দেওয়া হয়েছে। এতে করে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বলে তিনি জানান। অথচ বিরোধীদল আমাদের বাজেটের বিরোধী করেন।
তারেক রহমান বলেন, ‘বিএনপি সরকার এই দেশের মালিক নয়, এই দেশের মালিক দেশের ৩০ কোটি মানুষ। তাই এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে সরকার।
এ সময় কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, বিএনপি এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ সরকারের এবং প্রশাসনের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা তাকে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, পাতলী খালের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় জনগণের উদ্দেশে এক পথসভায় বক্তব্য দেন। পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
এরপর তিনি পেকুয়ায় গিয়ে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সফরে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে।
বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। এ জনসভাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা শেষে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করবেন। সফরের শেষ পর্যায়ে হোটেল লং বীচের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আলোকিত প্রতিদিন/এপি

