ধামরাই (ঢাকা) প্রতিনিধি, মামুন আহমেদ জয়: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকার ধামরাইয়ে চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই পৌরসভার সচিব মো. গোলাম নবীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মো. আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোকিত প্রতিদিন/এপি

